পুরীধামে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক আরতি লীলা

পুরীধামে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক আরতি লীলা

ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
লেখক : শ্রী সদানন্দ চক্রবর্ত্তী


একবার সাউথ সুবার্বান স্কুলের শিক্ষক শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদার মহাশয় সৌভাগ্যক্রমে শ্রীশ্রী রামঠাকুরের সহিত পুরীধামে গমন করেন। পুরীতে অবস্থানকালে তাঁর ইচ্ছা হয় শ্রীশ্রী জগন্নাথদেবের সন্ধ্যারতি দর্শন করার। অক্ষয়বাবুর ইচ্ছার কথা শুনে ঠাকুর মহাশয় তাঁহাকে সঙ্গে করিয়া সন্ধ্যার পূর্বে শ্রীমন্দিরের সিংহদ্বারে উপস্থিত হন।

অরুণ স্তম্ভের নিকট দাঁড়াইয়া ঠাকুর মহাশয় অক্ষয়বাবুকে মন্দিরের অভ্যন্তরে আরতি দর্শনের জন্য পাঠাইয়া দেন। সেই সময় শ্রীমন্দিরের অভ্যন্তরে কাঁসর, ঘণ্টা, শঙ্খ ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুমধুর ধ্বনিতে পরিবেশ মুখরিত হইয়া উঠিয়াছিল। ধূপ, কর্পূর, চন্দন ও অগুরুর সুগন্ধে চারিদিক পবিত্র ও আনন্দময় হইয়া উঠিয়াছিল।

কিছুক্ষণ আরতি দর্শনের পর অক্ষয়বাবুর মনে হইল, ঠাকুর মহাশয় একাকী বাহিরে দাঁড়াইয়া আছেন। তাই তিনি সিংহদ্বারের দিকে ফিরিয়া আসেন। অরুণ স্তম্ভের নিকটে আসিয়া তিনি এক আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করেন।

এক দীন-মলিন বেশধারিণী বৃদ্ধা রমণী একটি থালায় ছোট ছোট প্রদীপ সাজাইয়া শ্রীশ্রী রামঠাকুরকে আরতি করিতেছেন। নানা ভঙ্গিতে, নানা মুদ্রায়, তন্ময় অবস্থায় তিনি আরতি করিয়া চলিয়াছেন। আর শ্রীশ্রী ঠাকুর পলকহীন দৃষ্টিতে, ধ্যানমগ্ন এক প্রস্তরমূর্তির ন্যায় স্থিরভাবে দাঁড়াইয়া আছেন।

শ্রীমন্দিরের অভ্যন্তরে যতক্ষণ সন্ধ্যারতি চলিয়াছিল, ততক্ষণ সেই বৃদ্ধা অবিরামভাবে ঠাকুরকে আরতি করিয়া গিয়াছেন। আশ্চর্যের বিষয়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও প্রদীপগুলির শিখা সমানভাবে জ্বলিতে থাকে; একটি প্রদীপও নিভিয়া যায় নাই।

সন্ধ্যারতি সমাপ্ত হইলে বৃদ্ধা রমণী শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করিয়া জনসমুদ্রের মধ্যে অদৃশ্য হইয়া যান। অক্ষয়বাবু তাঁহাকে পুনরায় আর কোথাও দেখিতে পান নাই।

পরবর্তীতে কৌতূহলবশত অক্ষয়বাবু ঠাকুর মহাশয়কে বৃদ্ধার আরতির কথা জিজ্ঞাসা করিলে ঠাকুর মহাশয় অত্যন্ত স্বাভাবিকভাবে বলিলেন—

"ভিড়ের মধ্যে হয়তো কেহ মন্দিরে প্রবেশ করিতে না পারিয়া বাহিরে দাঁড়াইয়া শ্রীজগন্নাথদেবকে আরতি করিয়াছেন। আমাকে কেহ আরতি করেন নাই।"

অক্ষয়বাবু এই ব্যাখ্যা গ্রহণ করিতে পারিলেন না, কারণ তিনি সমগ্র ঘটনাটি নিজ চোখে প্রত্যক্ষ করিয়াছিলেন। কিন্তু ঠাকুর মহাশয় বিষয়টিকে আর কোন গুরুত্ব না দিয়া নীরবে গৃহাভিমুখে রওনা হইলেন। অক্ষয়বাবুও তাঁহার অনুসরণ করিলেন।


🕉️ জয় রাম 🕉️

📖 সূত্র : ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
✍️ শ্রী সদানন্দ চক্রবর্ত্তী

🌐 www.srisriramthakur.com
🎬 JoyRam Productions House
```
পুরীধামে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক আরতি লীলা পুরীধামে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক আরতি লীলা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 16:48 Rating: 5

No comments:

Powered by Blogger.